হাসপাতালে বিষপান করলেন জুলাই আন্দোলনে আহত ৪ জন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ন, ২৫ মে ২০২৫ | আপডেট: ৮:০৫ পূর্বাহ্ন, ১২ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে আহত, চোখে আঘাতপ্রাপ্ত চারজন বিষপান করেছেন। সঠিক চিকিৎসা হচ্ছে না অভিযোগ করে বিষপান করেন বলে অন্য আহতরা জানিয়েছেন। এরা হলেন শিমুল, মারুফ, সাগর ও আখতার হোসেন (তাহের)।

বিষপানের পর তাৎক্ষণিকভাবে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা শঙ্কামুক্ত রয়েছেন।

আরও পড়ুন: পরিবেশমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ উপ-হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রোববার (২৫ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে হাসপাতালটির পরিচালকের কক্ষে একটি বৈঠক চলাকালে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র জানায়, রোববার দুপুরে হাসপাতালের পরিচালকের কক্ষে একটি বৈঠক চলাকালে এই ঘটনা ঘটে। বিষপানকারী চারজন হলেন- শিমুল, মারুফ, সাগর ও আখতার হোসেন। পরে তাদের তাৎক্ষণিকভাবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

আরও পড়ুন: বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটকে শক্তিশালী ও স্বনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাসপাতাল সূত্রে জানা গেছে, জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসপাতাল পরিচালকের সঙ্গে বৈঠক করার সময় ওই চারজন দাবি নিয়ে তার কক্ষে যান। ফাউন্ডেশনের সিইও তাদের অপেক্ষা করতে বললে ক্ষুব্ধ হয়ে সেখানেই বিষপান করেন তারা।  তাদের মধ্যে একজন একমাস আগে সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেশে এসেছেন। বাকী তিনজন দু’দিন আগে পুনরায় হাসপাতালে ভর্তি হন।

বিষপানের ঘটনার সত্যতা নিশ্চিত করে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী বলেন, তাদের তিনজন গত দু’দিন আগে পুনরায় ভর্তি হয়েছেন। একজন সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে এসেছেন। আমার ধারণা একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতেই এই বিষপান। 

আহতদের একজন বলেন, এই সরকারের কাছ থেকে কিছু পেতে হলে আন্দোলনে নামতেই হয়। শান্তিপূর্ণভাবে কিছু চাওয়া যায় না। আমাদের চিকিৎসার জন্য কেউ এগিয়ে আসেনি।

জুলাই গণ-আন্দোলনে চোখ হারানো আহতরা বলছেন, দীর্ঘ নয় মাসেও তাদের উন্নত চিকিৎসা বা পুনর্বাসনের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বরং প্রতিশ্রুতি দিয়ে নানা টালবাহানা করা হচ্ছে।

এর আগে গতকাল শনিবার (২৪ মে) দুপুরে রাজধানীর শাহবাগে জুলাই ফাউন্ডেশনের কার্যালয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তার (সিইও) সঙ্গে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ১০/১২ জন আহতকে আর্থিক সহায়তা এবং পুনর্বাসন বিষয়ে বাকবিতণ্ডায় হয়।  

এসময় প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) উদ্দেশ্যে আহতরা বলেন, স্যার আমাদের হয় সহযোগিতা দেন, না হয় আমাদের বিষ কিনে দেন খেয়ে মরে যাই। তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে।