শেখ হাসিনার বিচার কাজ চলাকালে ট্রাইব্যুনালের ফেসবুক পেজে সাইবার হামলা
আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ তিনজনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের সরকারি ফেসবুক পেজে সাইবার হামলা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
আরও পড়ুন: সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে যেতে নিষেধাজ্ঞা
তিনি বলেন, আজ রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। ঠিক সেই সময় আমাদের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার অ্যাটাক চালানো হয়। এতে পেজটি সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে, তবে কিছু সময় পর সেটি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।
তাজুল ইসলাম আরও বলেন, আমরা মনে করি, অভিযুক্তদের সহযোগীরা চায় না জনগণ তাদের অপরাধ ও নিষ্ঠুরতার প্রমাণ জানতে পারে। বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা বাধাগ্রস্ত করতেই এই হামলা চালানো হয়েছে। কিন্তু আমরা ন্যায়বিচারের পথ থেকে সরে আসব না।
আরও পড়ুন: ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর
অপরাধীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের বার্তা পরিষ্কার—অপরাধীরা পার পাবে না। কাউকে রক্ষা করার কোনো চেষ্টাই সফল হবে না। আমরা প্রতিহিংসা নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করছি।
এর আগে বেলা পৌনে ১২টার দিকে আওয়ামী লীগ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। পুরো প্রেক্ষাপট উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এম. এইচ. তামিম, ফারুক আহাম্মদ, আবদুস সোবহান তরফদারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





