নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো ইস্যু নেই: আইন উপদেষ্টা
জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার কোনো কারণ বা ইস্যু নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে এবং উৎসবমুখর পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার, তা করা হবে।
রোববার (৯ নভেম্বর) সকালে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধানমণ্ডি ও গুলশান লেকের সংস্কার ও উন্নয়ন এবং এসটিপি-সংক্রান্ত বৈঠক
আসিফ নজরুল বলেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর। কিছু রাজনৈতিক দল পারস্পরিক চাপ সৃষ্টি ও আমাদের ওপর প্রভাব ফেলতে বিভিন্ন কথা বলে, যার ফলে জনমনে ভুল ধারণা তৈরি হয়।
তিনি আরও বলেন, ১৬-১৭ বছর ধরে নির্বাচন না হওয়ায় মানুষের মধ্যে কিছুটা শঙ্কা আছে। প্রায় ৫ কোটি মানুষ কখনো ভোট দিতে পারেনি। তাই তারা অধীর আগ্রহে নির্বাচনের অপেক্ষায় রয়েছে। এবার নির্বাচনে জনগণের মধ্যে আগ্রহ ও উৎসাহ সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
জামিন প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, জামিন দেওয়ার বিষয়টি শুধু বিচারকের ওপর নির্ভর করে না, পুলিশের রিপোর্টের ওপরও নির্ভর করে। ভিডিও ফুটেজ বা কণ্ঠস্বরের মতো প্রমাণ থাকলে ব্যতিক্রম হয়। তবে যারা জামিন পেয়ে পুনরায় একই অপরাধে জড়াতে পারে বা নিষিদ্ধ সংগঠনে যুক্ত হতে পারে, তাদের জামিন হলে তা নিয়ে আমরা উদ্বিগ্ন থাকি।
তিনি আরও জানান, আদালতের মামলার চাপ কমাতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। একজন বিচারকের স্থলে তিনজন বিচারক দায়িত্ব পালন করছেন, যাতে বিচারকাজ দ্রুত সম্পন্ন হয়। আদালত সংস্কারে নেওয়া এসব পদক্ষেপের সুফল খুব শিগগিরই জনগণ পাবে।





