পদত্যাগ করেছেন বিটিটিসি চেয়ারম্যান মইনুল খান

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) চেয়ারম্যান মইনুল খান পদত্যাগ করেছেন, যদিও তার চাকরির মেয়াদ শেষ হতে আরও ১০ মাস বাকি ছিল। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মইনুল খান বর্তমানে সৌদি আরব অবস্থান করছেন ও ওমরাহ করার জন্য তিনি দেশে নেই, তাই তার সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায়নি। বাণিজ্যসচিব মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, “অনানুষ্ঠানিকভাবে মইনুল খান আগেই জানিয়েছিলেন যে তিনি স্বেচ্ছা অবসরে যেতে চান।”

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে করা তার পদত্যাগপত্রের আবেদনপত্রে ৩০ অক্টোবর তারিখ উল্লেখ রয়েছে এবং বাণিজ্য মন্ত্রণালয়ে তার কপি রাখা আছে। এর আগে ২০ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় একটি সরকারি আদেশ (জিও) জারি করেছে, যার অনুযায়ী ২৬ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত তার ২০ দিনের ছুটি ছিল।

আরও পড়ুন: মন্ত্রীর নির্দেশনাও মানছে না পরিবার পরিকল্পনা অধিদপ্তর

বিটিটিসির কর্মকর্তারা জানিয়েছেন, অফিসের সামাজিক মাধ্যম গ্রুপে মইনুল খান সহকর্মীদের কাছে দোয়া চেয়েছেন এবং সরকারি চাকরি থেকে ঐচ্ছিক অবসরে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, তার প্রায় ৩২ বছরের চাকরিজীবনে সরকারের বিভিন্ন পদে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখেছেন এবং নিজ যোগ্যতার মাধ্যমে সব সময় সরকারের জন্য ‘ভ্যালু’ সংযোজনের চেষ্টা করেছেন।

মইনুল খান গবেষণা ও শিক্ষায় আগ্রহী। তিনি সরকারি চাকরি ছেড়ে নিজ আগ্রহের ক্ষেত্রে কাজ করতে চান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের গ্রাজুয়েট।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন