জুলাই গণঅভ্যুত্থান: ১০৬টি মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ চলাকালে দেশের বিভিন্ন জেলায় সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে এখন পর্যন্ত ১০৬টি মামলার চার্জশিট দিয়েছে পুলিশ। এর মধ্যে ৩১টি হত্যা মামলা এবং ৭৫টি অন্যান্য ধারায় মামলা রয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চার্জশিটকৃত ৩১টি হত্যা মামলা—পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, কুড়িগ্রাম, শেরপুরসহ পিবিআই, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন বিভিন্ন থানায় দায়ের হয়েছিল।
আরও পড়ুন: ২৩ দিন পর আবার সচল ইস্টার্ন রিফাইনারি, শুরু জ্বালানি উৎপাদন
এ ছাড়া অন্যান্য ধারার ৭৫টি মামলা চার্জশিট হয়েছে—পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কুড়িগ্রাম, লালমনিরহাট, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, বরগুনা জেলা এবং পিবিআই, সিআইডি, ডিএমপি, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন বিভিন্ন থানায়।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালে দায়ের হওয়া মামলাগুলোর যথাযথ তদন্ত নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্মকর্তারা নিবিড় তদারকি করছেন বলে জানিয়েছে পুলিশ। ইতোমধ্যে অন্যান্য রুজুকৃত মামলার তদন্তও দ্রুত সম্পন্ন করে অপরাধীদের বিচারের আওতায় আনতে কাজ চলছে।
আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারের সময় গণমাধ্যমের ওপর নজিরবিহীন হামলা হয়েছে
এ ছাড়া ফৌজদারী কার্যবিধির ১৭৩A ধারায় বৈষম্যবিরোধী ৪৩৭টি মামলায় ২,৮৩০ জনকে অব্যাহতির জন্য আদালতে অন্তবর্তী তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।





