প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানের পদত্যাগ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ন, ৩১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:০১ পূর্বাহ্ন, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।

এর আগে গত বছরের নভেম্বরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেন। তাদের স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতার দায়িত্ব দেওয়া হয়েছিল। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে তাদের নির্বাহী ক্ষমতা প্রদান করা হয়।

আরও পড়ুন: জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে লড়াইয়ে বাংলাদেশ, সরে দাঁড়াল ফিলিস্তিন

এই তিনজন বিশেষ সহকারীর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) খোদা বকশ চৌধুরী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। আর শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্বে ছিলেন অধ্যাপক এম আমিনুল ইসলাম।

এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম কয়েক মাস আগে পদত্যাগ করেন। পরে গত ২৫ ডিসেম্বর পদত্যাগ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী। সর্বশেষ অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের পদত্যাগের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের ওই তিন বিশেষ সহকারীর সবাই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন।

আরও পড়ুন: এ ধরনের বর্বরতা কোনো সভ্য রাষ্ট্রের চিত্র হতে পারে না: ধর্ষণ ইস্যুতে সাদিক কায়েম