৯ বছর পেরোলেও কমেনি 'বড় ছেলে' নাটকের জনপ্রিয়তা

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:৩৫ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুক্তির পর শুধু ইউটিউবেই দর্শকসংখ্যার রেকর্ড গড়েনি, গল্পের আবেগ আর অভিনয়ের শক্তিতে অসংখ্য দর্শকের চোখও ভিজিয়েছিল ‘বড় ছেলে’। দেখতে দেখতে জনপ্রিয় এই টেলিফিল্মটি পেরিয়ে গেছে নয় বছর। ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর মুক্তি পাওয়া নাটকটি এবার পূর্ণ করল নয় বছর।

নাটকটির নয় বছর পূর্তি উপলক্ষে পুরোনো সেই দিনগুলোর স্মৃতিতে ফিরেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বড় ছেলে’র শেষ দৃশ্যের দুটি ছবি প্রকাশ করে দর্শকদের সঙ্গে স্মৃতি ভাগ করে নিয়েছেন তিনি।

আরও পড়ুন: তাসকিন এখন শাবনূরের পরিবারের বিশেষ অতিথি

অপূর্বের প্রকাশ করা ছবিগুলোতে দেখা যায়, বিচ্ছেদের বেদনায় কাঁদছেন তিনি ও মেহজাবীন চৌধুরী। ছবির সঙ্গে দেওয়া পোস্টে অভিনেতা লিখেছেন, ‘৫ সেপ্টেম্বর, ২০১৭ সালে রিলিজ পেয়েছিল ‘বড় ছেলে’। দেখতে দেখতে আজ এই টেলিফিল্মের ৯ বছর পূর্ণ হলো।’

এরপরই দর্শকদের কাছে জানতে চান, ‘এই ৯ বছরে নাটকটি কতবার দেখেছেন?’

আরও পড়ুন: প্রশংসায় ভাসছে ইয়াশ রোহান ও তটিনীর ‘কাবিননামা’

অপূর্বের এমন প্রশ্নের পর মন্তব্যের ঘরে নিজেদের অভিজ্ঞতা জানাতে শুরু করেন দর্শকরা। অনেকেই জানিয়েছেন, নাটকটি তাঁরা বহুবার দেখেছেন। কেউ কেউ আবার শতাধিকবার দেখার কথাও উল্লেখ করেছেন।

দর্শকদের মন্তব্যে উঠে এসেছে আরও একটি বিষয়—‘বড় ছেলে’ তাঁদের অনেকের কাছেই শুধু একটি নাটক নয়, বরং বাংলা নাটকের প্রতি নতুন করে আগ্রহ তৈরির একটি উপলক্ষ। নাটকটির গল্প, চরিত্র ও আবেগ এখনো তাঁদের মনে একইভাবে দাগ কাটে বলেও জানিয়েছেন অনেকে।

মুক্তির নয় বছর পরও ‘বড় ছেলে’ নিয়ে দর্শকদের এমন প্রতিক্রিয়া প্রমাণ করে, সময়ের সঙ্গে নাটকটির জনপ্রিয়তা মুছে যায়নি। বরং সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের ভালোবাসা ও স্মৃতিচারণায় বারবার ফিরে আসছে সেই গল্প।

নাটকটির নির্মাতা মিজানুর রহমান আরিয়ানও বিশেষ দিনে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নিজের এক পোস্টে তিনি ‘বড় ছেলে’র নয় বছর পূর্তির পাশাপাশি তাঁর অন্যান্য আলোচিত কাজ ‘নেটওয়ার্কার বাইরে’, ‘ব্যাচ ২৭’ ও ‘বুকের বা পাশে’র মুক্তির বছর উল্লেখ করেন।

তিনি লেখেন, ‘বড় ছেলে’র ৯ বছর, “নেটওয়ার্কার বাইরে”-র ৫ বছর, “ব্যাচ ২৭”-এর ৯ বছর, “বুকের বা পাশে”-র ৮ বছর। তবু এই কাজগুলো আজও আপনাদের হৃদয়ে বেঁচে আছে। আমি সত্যিই নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আপনারা আজও এত ভালোবাসা দিয়ে কাজগুলোকে স্মরণ করেন।’

এদিকে, ইউটিউবেও নাটকটির জনপ্রিয়তার চিত্র বেশ স্পষ্ট। বর্তমানে ‘বড় ছেলে’ নাটকটির ভিউ ৫ কোটি ৮০ লাখ ছাড়িয়েছে। অপূর্ব ও মেহজাবীন চৌধুরীর পাশাপাশি এতে অভিনয় করেছেন খালেকুজ্জামান, শেলী আহসানসহ আরও অনেকে।

বাংলা নাটকের ইতিহাসে কিছু গল্প থাকে, যেগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে আটকে থাকে না। ‘বড় ছেলে’ তেমনই একটি কাজ। নয় বছর পেরিয়ে গেলেও নাটকটির গল্প, চরিত্র আর আবেগ এখনো দর্শকের মনে নাড়া দেয়। পুরোনো সেই দৃশ্য দেখেও যদি আজও দর্শকের চোখে পানি আসে, সেটিই হয়তো একটি নাটকের দীর্ঘস্থায়ী সাফল্যের সবচেয়ে বড় প্রমাণ।