কিশোরগঞ্জে তিন দিনে নিষিদ্ধ আ.লীগের ৫৮ নেতাকর্মী গ্রেপ্তার

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৮:১৫ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জে গত তিন দিনের অভিযানে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৫৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

রোববার জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঠাকুরগাঁওয়ে আখের মাঠে সবুজের স্বপ্ন

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগের দুই দিনেও ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। সব মিলিয়ে গত তিন দিনে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে।

গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সদর থানার আটজন, পাকুন্দিয়ার পাঁচজন, কটিয়াদীর তিনজন, হোসেনপুরের তিনজন, নিকলীর দুইজন, করিমগঞ্জের দুইজন, ইটনার দুইজন, কুলিয়ারচরের একজন, ভৈরবের একজন, বাজিতপুরের একজন ও তাড়াইলের একজন রয়েছেন।

আরও পড়ুন: চমেক হাসপাতালে দুই শিশুর পাকস্থলী থেকে মোট ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, তিন দিনে গ্রেপ্তার হওয়া ৫৮ জনের মধ্যে সদর থানায় ১৩ জন, কটিয়াদীতে ১১ জন, পাকুন্দিয়ায় আটজন, হোসেনপুরে পাঁচজন, নিকলীতে চারজন, করিমগঞ্জে চারজন, ইটনায় চারজন, ভৈরবে তিনজন, মিঠামইনে দুইজন, কুলিয়ারচরে দুইজন, বাজিতপুরে একজন ও তাড়াইলে একজন রয়েছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটির নেতারাও রয়েছেন। আবার কোনো কমিটিতে পদ না থাকা ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।