জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি মদ, ফেনসিডিল ও ইয়াবা জব্দ, আটক ৩

Shahrier Islam Pallab
সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ৩:৩৩ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেটের জৈন্তাপুরে তামাবিল মহাসড়কের হরিপুর পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, ফেনসিডিল ও ইয়াবা জব্দ করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি ট্রাকসহ তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে হরিপুর পুলিশ চেকপোস্টে সিলেটগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। ট্রাকের ওপর কলাপাতার নিচে কৌশলে লুকিয়ে এসব মাদক পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৬৪৮ বোতল বিদেশি মদ, ৪০ বোতল ফেনসিডিল ও ৪০০ পিস ইয়াবা। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৮৮ হাজার টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-২৪-৪৭৭১ নম্বরের ট্রাকটির আনুমানিক মূল্য ২৮ লাখ টাকা এবং নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দ করা আলামতের আনুমানিক মূল্য প্রায় ৩৭ লাখ টাকা।

আটক ব্যক্তিরা হলেন—নওগাঁর পোরশা উপজেলার শিষাবাজার এলাকার মো. আরিফের ছেলে মো. সিরাজ (২৪), পত্নীতলা উপজেলার কাশিপুর এলাকার মৃত আবদুল হামিদের ছেলে মো. রমজান হোসেন তামিম (২৪) এবং মহাদেবপুর উপজেলার এনায়েতপুর এলাকার আবদুর রাজ্জাকের ছেলে মো. ইদ্রিস আলী (৩৮)।

আরও পড়ুন: নিকলীতে মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শওকত মাসুদ। এ সময় সহকারী উপপরিদর্শক (এএসআই) জিয়া, এএসআই রুহুল আমিনসহ পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, হরিপুর চেকপোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে কলাপাতার নিচে লুকিয়ে রাখা মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং আদালতে সোপর্দ করা হবে। সীমান্তবর্তী এলাকায় মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।