মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন জোহেইরি মোলা
বিশ্বসুন্দরীর মঞ্চে এবার সেরার স্বীকৃতি পেলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস। বিশ্বের ১১১ প্রতিযোগীকে টপকে মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মর্যাদাপূর্ণ মুকুট নিজের করে নিয়েছেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে বসে এবারের মিস ওয়ার্ল্ডের জমকালো ফাইনাল। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে শেষ পর্যন্ত বিজয়ীর নাম ঘোষণা করা হয় জোহেইরি মোলার।
আরও পড়ুন: ১৮ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘লাস্ট স্টোরিজ ৩’
এর আগে ‘মিস ওয়ার্ল্ড ডোমিনিকান রিপাবলিক ২০২৫’ প্রতিযোগিতায় বিজয়ী হন জোহেইরি। সেই সাফল্যের পথ ধরেই আন্তর্জাতিক মঞ্চে নিজ দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পান তিনি। বিশ্বসুন্দরীর প্রতিযোগিতায় নিজের দক্ষতা ও আত্মবিশ্বাসের মাধ্যমে বিচারকদের নজর কাড়েন এই সুন্দরী।
মডেলিং ও ফ্যাশন জগতের পরিচিত মুখ জোহেইরি মোলা পেশাগত জীবনে শুধু সৌন্দর্যচর্চার মধ্যেই সীমাবদ্ধ নন। তিনি শিক্ষকতা ও সাংবাদিকতার সঙ্গেও যুক্ত। পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে।
আরও পড়ুন: সালমান শাহ'র স্মরণে শাকিব খানের প্রার্থনা
ফাইনাল অনুষ্ঠানের শেষপর্বে গতবারের মিস ওয়ার্ল্ড, থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি নতুন বিজয়ী জোহেইরির মাথায় নীল মুকুট পরিয়ে দেন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মিস ওয়ার্ল্ডের দায়িত্ব গ্রহণ করেন ডোমিনিকান রিপাবলিকের এই সুন্দরী।
মিস ওয়ার্ল্ডের খেতাব অর্জনের পর আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে কাজ করবেন জোহেইরি। বিশেষ করে বিশ্বজুড়ে মিস ওয়ার্ল্ড সংস্থার ‘বিউটি উইথ আ পারপাস’ প্রচারাভিযানের সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমে অংশ নেবেন তিনি।
এদিকে এবারের প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন স্পেনের এলিজাবেথ রেইনেস। দ্বিতীয় রানার আপ হিসেবে নির্বাচিত হয়েছেন মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি।





