সালমান শাহকে হারানোর ৩০ বছর
বাংলা চলচ্চিত্রের ‘অমর নায়ক’ সালমান শাহ-কে নিয়ে যত আয়োজন
তিন দশক আগে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ। তবে সময়ের স্রোতে তার প্রতি দর্শকের ভালোবাসা এতটুকুও কমেনি। বরং ৩০তম মৃত্যুবার্ষিকীতে দেশের চলচ্চিত্রাঙ্গনজুড়ে আবারও ফিরে এসেছে প্রিয় এই নায়ককে ঘিরে স্মৃতি ও আবেগ। তাকে স্মরণে বিএফডিসিতে চলচ্চিত্র প্রদর্শনী, টেলিভিশনে বিশেষ সিনেমা প্রচার থেকে শুরু করে প্রেক্ষাগৃহে নতুন সিনেমা মুক্তি—বিভিন্ন আয়োজনেই ফুটে উঠছে সালমান শাহর প্রতি দর্শক-অনুরাগীদের সেই অমলিন ভালোবাসা।
বিএফডিসিতে সালমান শাহ’র তিন সিনেমার প্রদর্শনী
আরও পড়ুন: সালমান শাহকে স্মরণে মৌসুমী
নায়কের স্মৃতি রক্ষার্থে ও সাধারণ দর্শকদের সুযোগ করে দিতে তিন দিনব্যাপী বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বিএফডিসি। এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে আজ ৬ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই উন্মুক্ত প্রদর্শনী।
প্রতিদিন বিকেল ৪টায় সালমান শাহ অভিনীত কালজয়ী সিনেমাগুলো দর্শকরা বিনা মূল্যে উপভোগ করতে পারবেন। প্রদর্শনীর সূচি অনুযায়ী, প্রথম দিন (৬ সেপ্টেম্বর) দেখানো হবে জনপ্রিয় চলচ্চিত্র 'স্বপ্নের ঠিকানা'। পরদিন (৭ সেপ্টেম্বর) পর্দায় উঠবে নায়কের অন্যতম সফল সিনেমা 'কেয়ামত থেকে কেয়ামত' এবং সমাপনী দিন (৮ সেপ্টেম্বর) বিকেলে প্রদর্শিত হবে জনপ্রিয় চলচ্চিত্র 'তোমাকে চাই'।
আরও পড়ুন: সালমান শাহ স্মরণে শাবনূরের আবেগঘন স্ট্যাটাস
টেলিভিশনে সালমান শাহ’র সাত সিনেমা
ছোট পর্দায় সালমান শাহর উপস্থিতি ধরে রাখতে বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি আয়োজন করেছে সপ্তাহব্যাপী সিনেমা উৎসব। ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেলটিতে প্রচারিত হবে সালমান শাহ অভিনীত জনপ্রিয় সাতটি চলচ্চিত্র। সূচি অনুযায়ী, ৫ সেপ্টেম্বর ‘বিচার হবে’, ৬ সেপ্টেম্বর ‘স্বপ্নের ঠিকানা’, ৭ সেপ্টেম্বর ‘আনন্দ অশ্রু’, ৮ সেপ্টেম্বর ‘এই ঘর এই সংসার’, ৯ সেপ্টেম্বর ‘জীবন সংসার’, ১০ সেপ্টেম্বর ‘প্রেম পিয়াসী’ এবং সমাপনী দিন ১১ সেপ্টেম্বর সম্প্রচারিত হবে বাদল খন্দকার পরিচালিত আলোচিত সিনেমা ‘স্বপ্নের পৃথিবী’।
সালমান শাহ’র ভক্তদের উন্মাদনা নিয়ে নতুন সিনেমা লাভ ৯৬, চলছে ২০ প্রেক্ষাগৃহে
শুধু সিনেমা প্রদর্শনই নয়, প্রেক্ষাগৃহেও সালমান শাহকে নিয়ে মুক্তি পেয়েছে নতুন সিনেমা। সালমান শাহর মৃত্যুর পর তাকে ঘিরে ভক্তদের আবেগ ও উন্মাদনার নানা গল্প সামনে আসে। সেই সময়ের এমনই এক অন্ধ ভক্তের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমা ‘লাভ ৯৬’। প্রিয় নায়ক সালমান শাহকে শ্রদ্ধা জানিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন ইভান মল্লিক।
গত শুক্রবার থেকে সারাদেশের ২০টি প্রেক্ষাগৃহে চলছে ‘লাভ ৯৬’ সিনেমাটি। ঢাকার লায়ন সিনেমাপ্লেক্স, গীত সিনেমা, সৈনিক ক্লাব, বিজিবি অডিটোরিয়াম এবং সাভার, কাচপুর ও জয়দেবপুরের বিভিন্ন হলে এটি প্রদর্শিত হচ্ছে। এছাড়া ঢাকার বাইরে যশোরের মনিহার, বগুড়ার মধুবন, চট্টগ্রামের সুগন্ধা, সিলেটের নন্দিতা, বরিশালের অভিরুচি, রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ ও রাজ তিলক এবং কুমিল্লা, ময়মনসিংহ, দিনাজপুর, রংপুর, ফরিদপুর ও হবিগঞ্জের প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে ছবিটি।





