জাতীয় নির্বাচনে ৫ লাখ আনসার–ভিডিপি দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:১১ অপরাহ্ন, ১২ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১১:৫৬ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনে সারা দেশে ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে গাজীপুরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে সারা দেশের ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। এ লক্ষ্যে মোট ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন সদস্য নির্বাচনী দায়িত্বে থাকবেন। তিনি জানান, গত বছরের আগস্ট মাস থেকেই আনসার ও ভিডিপি সুপরিকল্পিত ও সমন্বিত প্রস্তুতি গ্রহণ করে আসছে।

আরও পড়ুন: মির্জা আব্বাসকে রোববার সিঙ্গাপুর নেওয়া হবে উন্নত চিকিৎসার জন্য

প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে প্রায় ৫৬ হাজার উপজেলা-থানা কোম্পানি আনসার, ২ লাখ ৫৫ হাজার ভিডিপি সদস্য এবং ৩ হাজারেরও বেশি আনসার ব্যাটালিয়ন সদস্যকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য সাড়ে চার লক্ষাধিক সদস্যকে এসটিডিএমএস সফটওয়্যারের মাধ্যমে তালিকাভুক্ত করা হয়েছে।

নির্বাচনে নৈতিকতা ও নিরপেক্ষতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কোনো ধরনের অননৈতিক বা পক্ষপাতমূলক কর্মকাণ্ড থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে আনসার ও ভিডিপি সদস্যদের সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের ভবিষ্যৎ কল্যাণে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সফল করার দায়িত্ব সবাইকে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন: সংসদ রাজনৈতিক দলগুলোর কেন্দ্রবিন্দু হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। এটি শুধু অর্থনৈতিক ক্ষতিই করে না, বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্বল করে এবং জনগণের আস্থা নষ্ট করে। কোনো আনসার সদস্য যদি ব্যক্তিস্বার্থ, লোভ বা রাজনৈতিক সুবিধার অংশ হয়ে কাজ করে, তবে তা রাষ্ট্রের ভিত্তিকেই দুর্বল করে দেয়।

অনুষ্ঠানে সেরা নৈপুণ্য ও পেশাদারিত্বের জন্য চারজন নবীন প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যকে ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ আনসার ও ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।