চারটি নতুন থানা অনুমোদন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ন, ২০ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৪:৩২ অপরাহ্ন, ২১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে চারটি নতুন থানা স্থাপনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। একই সঙ্গে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনসহ প্রশাসনিক পুনর্গঠনের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে যমুনায় অনুষ্ঠিত নিকারের ১১৯তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এটি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে নিকারের প্রথম সভা। সভায় প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদিত হয়েছে।

অনুমোদিত নতুন থানাগুলো হলো— গাজীপুর জেলায় পূর্বাচল উত্তর থানা, নারায়ণগঞ্জ জেলায় পূর্বাচল দক্ষিণ থানা, কক্সবাজার জেলায় মাতারবাড়ি থানা।

আরও পড়ুন: আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষা, সিসিটিভিতে নজরদারি হবে সব কেন্দ্র

এ ছাড়া নরসিংদী জেলার রায়পুরা উপজেলাকে বিভক্ত করে একটি নতুন থানা স্থাপনের প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

সভায় সরকারের রাজস্ব আহরণ ব্যবস্থাপনায় গতি আনতে অর্থ মন্ত্রণালয়ের আওতায় ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি নতুন প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন: পূর্বাচলকে ঢাকার আওতায় আনার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন

এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুটি বিভাগ— স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ—একীভূত করে পুনরায় ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। তবে মন্ত্রণালয়ের ইংরেজি নাম Ministry of Women and Children Affairs (MoWCA) অপরিবর্তিত থাকবে।

পরিবেশ, পর্যটন ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত করার সিদ্ধান্তও সভায় অনুমোদিত হয়। পাশাপাশি ঠাকুরগাঁও জেলার ‘ভূল্লী’ থানার নামের বানান সংশোধনের প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

সভায় অর্থ ও আইন উপদেষ্টাসহ ছয়জন উপদেষ্টা এবং মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবসহ মোট ১৪ জন সচিব ও জ্যেষ্ঠ সচিব উপস্থিত ছিলেন। সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব তথ্য জানায়।