নির্বাচন সামনে রেখে মোবাইল ব্যাংকিং লেনদেনে কড়াকড়ি নির্দেশ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৭:৫৫ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লেনদেনে কড়াকড়ি আরোপের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ উদ্যোগ বাস্তবায়ন হলে বিকাশ, রকেট, নগদসহ দেশের সব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্ল্যাটফর্মে লেনদেনের সীমা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

বাংলাদেশ ব্যাংকের প্রস্তাবিত নতুন পরিকল্পনা অনুযায়ী, বিধিনিষেধ কার্যকর থাকাকালীন একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। তবে প্রতিবার লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হবে ১ হাজার টাকা।

আরও পড়ুন: বন্ধ চিনিকল পর্যায়ক্রমে চালু করে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানো হবে: বিএসএফআইসি চেয়ারম্যান

এছাড়া, এই সময়ের মধ্যে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে একজন গ্রাহক থেকে অন্য গ্রাহকের কাছে অর্থ স্থানান্তর সেবা সাময়িকভাবে বন্ধ রাখার পরিকল্পনাও রয়েছে। তবে এই নিষেধাজ্ঞা শুধুমাত্র ব্যক্তি থেকে ব্যক্তি (P2P) অর্থ স্থানান্তরের ক্ষেত্রেই প্রযোজ্য হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, প্রস্তাবিত এই বিধিনিষেধ আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ থাকতে পারে।

আরও পড়ুন: ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের পূর্ণ সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী

রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, নির্বাচনকালীন সময়ে এমএফএস ও ইন্টারনেট ব্যাংকিং সেবা পরিচালনার বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া নির্দেশনা অনুসরণ করেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে একটি চিঠি পেয়েছে। এর ভিত্তিতে নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় ব্যাখ্যা চাওয়া হয়েছে। নির্বাচন কমিশন থেকে নির্দেশনা পাওয়ার পরপরই এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হবে।

নিয়ন্ত্রণ সংস্থাটির কর্মকর্তারা আরও জানান, সিটিআর (Cash Transaction Report) বিশ্লেষণে কোনো অস্বাভাবিক লেনদেন ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যাংককে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, বর্তমানে বিকাশ, রকেট ও নগদের গ্রাহকেরা দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং মাসে সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন। এছাড়া দৈনিক সর্বোচ্চ ৫০টি এবং মাসে ১০০টি লেনদেনের সুযোগ রয়েছে।