ভোটারদের প্রাণবন্ত উপস্থিতি, অংশগ্রহণে সন্তোষ ইইউ পর্যবেক্ষক প্রধান

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:১৫ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস জানিয়েছেন, আজ দুপুর পর্যন্ত বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা ও প্রাণের সঞ্চার লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ইভার্স ইজাবস আশা প্রকাশ করেন, সকালের মতো বিকেলের শেষ সময় পর্যন্ত ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ অব্যাহত থাকবে। তিনি বলেন, বাংলাদেশের নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগে অত্যন্ত আগ্রহী এবং একটি অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রত্যাশা করছেন।

আরও পড়ুন: আইজিপির সঙ্গে জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশনের সাক্ষাৎ

ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে উল্লেখ করে তিনি বলেন, তারা কোনো রাজনৈতিক প্রক্রিয়ার অংশ নন। বর্তমানে সারাদেশে ইইউ পর্যবেক্ষকরা ছড়িয়ে রয়েছেন এবং তাদের কাছ থেকে নিয়মিত অনলাইন প্রতিবেদন ও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

সংগৃহীত তথ্যগুলো নিবিড়ভাবে বিশ্লেষণ করা হচ্ছে জানিয়ে ইজাবস বলেন, একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য মূল্যায়ন উপস্থাপন করাই তাদের লক্ষ্য। তিনি মনে করেন, একটি অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে জনগণের ব্যাপক উপস্থিতির গুরুত্ব অপরিসীম।

আরও পড়ুন: সরকারি ব্যয়ে কড়াকড়ি: বাড়ি-গাড়িসহ ৯ খাতে খরচ কমানোর নির্দেশ

নির্বাচন পরিচালনার গুণমান ও সার্বিক প্রক্রিয়া নিয়ে ইইউ মিশন খুব শিগগিরই তাদের মূল্যায়ন প্রকাশ করবে। আগামী ১৪ ফেব্রুয়ারি একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানান তিনি। ওই প্রতিবেদনে নির্বাচন পরিচালনার ধরন এবং মাঠ পর্যায়ের চিত্রের বিস্তারিত তুলে ধরা হবে।

কার্জন হল কেন্দ্র পরিদর্শনকালে ইইউ মিশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা ভোটকেন্দ্রের বুথগুলো ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ভোটগ্রহণের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

সংশ্লিষ্ট কূটনৈতিক মহলের মতে, ইউরোপীয় ইউনিয়নের এই পর্যবেক্ষণ প্রতিবেদনটি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে।