আইজিপির পদত্যাগ নতুন সরকার গঠন পর্যন্ত দায়িত্ব পালনের নির্দেশনা

Any Akter
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ন, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৪৬ অপরাহ্ন, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের পদত্যাগ এবং পরবর্তীতে তাকে দায়িত্ব চালিয়ে যাওয়ার নির্দেশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকেই পুলিশের বিভিন্ন ইউনিটে তার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল আলম জানান, আইজিপির পদত্যাগের গুঞ্জন শোনা গেলেও বিকেল পর্যন্ত মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পদত্যাগপত্র জমা পড়ার খবর নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন: জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে ডিজেল ও এলএনজি কিনছে সরকার

অনুসন্ধানে জানা গেছে, সকালে পুলিশ সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক বৈঠকে আইজিপি বাহারুল আলম নির্বাচন-পরবর্তী পুলিশের অভ্যন্তরীণ পরিস্থিতি অনুকূল না থাকায় পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। এরপর তিনি সদর দপ্তর ত্যাগ করে সচিবালয়ে যান। তবে এ বিষয়ে তাঁর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টা ও সচিবকেও দুপুরের পর দপ্তরে পাওয়া যায়নি।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, দুপুরে আইজিপি প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় একটি পূর্বনির্ধারিত বৈঠকে অংশ নেন। সেখানে তিনি প্রধান উপদেষ্টাকে তাঁর পদত্যাগের সিদ্ধান্তের কথা অবহিত করেন। তবে উদ্ভূত পরিস্থিতিতে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তাঁকে আইজিপির দায়িত্ব পালন চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন: রোববার থেকে নতুন সময়সূচিতে অফিস

উল্লেখ্য, নির্বাচনের পর থেকেই আইজিপি বাহারুল আলমের ভূমিকা নিয়ে পুলিশের অভ্যন্তরে ব্যাপক অসন্তোষ তৈরি হয়। পুলিশের নিজস্ব গ্রুপ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিরূপ প্রতিক্রিয়ার মুখে তিনি পদত্যাগের এই প্রাথমিক সিদ্ধান্ত নেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে পুলিশ বাহিনীর সকল পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে।