জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:১৮ অপরাহ্ন, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ২:১৮ অপরাহ্ন, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা।

এর আগে বেলা ১১টার দিকে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিপরিষদ। এ সময় স্মৃতিসৌধ এলাকায় তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেন। মহাসড়কে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট নিয়মিত মহড়া চালায় এবং পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়।

আরও পড়ুন: যানজট নিরসনে রাজধানীতে ‘জিরো সিগন্যাল ম্যানেজমেন্ট মডেল’

গতকাল মঙ্গলবার শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান। দেশ পরিচালনার প্রথম কর্মদিবসে বুধবার সচিবালয়ে প্রথম অফিস করবেন তিনি। সেখানে মধ্যাহ্নভোজ ও বিকেলে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে সচিবালয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

কর্মকর্তারা জানান, নির্বাচনের গেজেট প্রকাশের পর থেকেই মন্ত্রিপরিষদ বিভাগে ব্যাপক কর্মব্যস্ততা শুরু হয়েছে। নতুন ভবনের ছয়টি লিফটই ছিল ব্যস্ত। কর্মকর্তারা এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে ফাইল নিয়ে দৌড়ঝাঁপ করেছেন। রেওয়াজ ভেঙে এবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আরও পড়ুন: আজ চৈত্র সংক্রান্তি

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান।