সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তিনি সচিবালয়ের ১ নম্বর ভবনের (মন্ত্রিপরিষদ ভবন) তিনতলায় তার জন্য নির্ধারিত কার্যালয়ে পৌঁছান। সেখানে পৌঁছালে মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী আজ দিনভর বেশ কিছু গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বৈঠক ও মতবিনিময় সভায় অংশ নেবেন।
এর আগে, প্রধানমন্ত্রী তার নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
আরও পড়ুন: জুলাই গণহত্যার বিচার স্বাভাবিক গতিতে চলবে: আইনমন্ত্রী
সেখান থেকে ফিরে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত সম্পন্ন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সরাসরি সচিবালয়ে তার দাফতরিক কার্যক্রম শুরু করতে পৌঁছান।
প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণ করে নিতে আজ সকাল থেকেই সচিবালয় সেজেছিল নতুন সাজে। প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করা হয়েছে এবং করিডোরজুড়ে রাখা হয়েছে সতেজ ফুলের টব। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নামফলক সরিয়ে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নামফলক বসানো হয়েছে। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ফুল হাতে নতুন মন্ত্রীদের বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছিলেন।
আরও পড়ুন: পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলবে না, অর্থনীতিতে গণতন্ত্র আনতে হবে: অর্থমন্ত্রী
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সচিবালয় ও বিশেষ করে ১ নম্বর ভবন ঘিরে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। ভবনের প্রবেশপথে বসানো হয়েছে বিশেষ আর্চওয়ে এবং পরিচয়পত্র কঠোরভাবে যাচাই করে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ করানো হচ্ছে। নিরাপত্তায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের পাশাপাশি সেনাবাহিনী ও র্যাবের ডগ স্কোয়াডকেও ভবনের নিচতলায় সতর্ক অবস্থায় দেখা গেছে। মূল ফটকসহ চারপাশজুড়ে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়।
আজকের কর্মসূচির মধ্যে বিকেল ৩টায় প্রধানমন্ত্রী ১ নম্বর ভবনের তিনতলায় মন্ত্রিপরিষদ কক্ষে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন। বৈঠকটি মূলত পরিচিতিমূলক হলেও এখানে সরকারের অগ্রাধিকার বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হতে পারে বলে জানা গেছে। এরপর বিকেল ৪টায় তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিশেষ মতবিনিময় সভায় মিলিত হবেন।





