বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ন, ২২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ২:০৪ অপরাহ্ন, ০১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এ তথ্য জানান।

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, গভীর শোক প্রধানমন্ত্রীর তারিক রহমানের

বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

মন্ত্রী আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যাতে শিগগিরই থার্ড টার্মিনাল চালু করা যায় এবং এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

আরও পড়ুন: বম্বে সুইটসের পাঁচ মসলাসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, নির্দিষ্ট সময়সীমা এখনই বলা সম্ভব নয়। বিষয়টি নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় যাচাই-বাছাই চলছে। কীভাবে দ্রুত চালু করা যায়, সে বিষয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

থার্ড টার্মিনালের কাজ ৯৯ শতাংশের বেশি সম্পন্ন হলেও কেন চালু হয়নি—এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, কিছু সুপারিশ ছিল, কিছু অংশে কাঠামোগত পরিবর্তন ও নেটওয়ার্কসংক্রান্ত সমস্যা ছিল। এসব বিষয় পর্যালোচনা করে দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর থার্ড টার্মিনাল চালু হলে যাত্রীসেবা সক্ষমতা ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় উল্লেখযোগ্য উন্নতি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।