দেরিতে অফিসে এলে শাস্তি: আইন মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:২৯ পূর্বাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৭:৪৪ পূর্বাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক শৃঙ্খলা নিশ্চিত করতে অফিসে উপস্থিতির বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এখন থেকে নির্ধারিত সময়ের পরে অফিসে আসা বা অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করাকে শৃঙ্খলাভঙ্গ ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (প্রশাসন) কামরুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

আরও পড়ুন: একই সাথে ৯ সচিবের নিয়োগ বাতিল

সকাল ৯টার মধ্যে উপস্থিতি বাধ্যতামূলক

অফিস আদেশে বলা হয়েছে, আইন ও বিচার বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীকে প্রতিটি কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে।

আরও পড়ুন: ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অফিস সময় শেষ হওয়ার আগে—

* পবিত্র রমজান মাসে বিকেল সাড়ে ৩টা

* রমজান পরবর্তী সময়ে বিকেল ৫টার আগে

কেউ অফিস ত্যাগ করতে পারবেন না।

বিনা অনুমতিতে অনুপস্থিতি, দেরিতে উপস্থিতি বা অফিস চলাকালে কর্মস্থল ত্যাগকে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে অফিস চলাকালীন বাইরে যেতে হলে সংশ্লিষ্ট অনুবিভাগ প্রধান (যুগ্ম সচিব বা সলিসিটর)-এর অনুমতি নিতে হবে।

এছাড়া ‘অফিস ত্যাগের রেজিস্টার’-এ তথ্য নথিভুক্ত করা এবং ডিজিটাল হাজিরা প্রদান করাও বাধ্যতামূলক করা হয়েছে।

নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

প্রশাসনের কাজের গতি বাড়ানো এবং অনিয়মিত উপস্থিতির প্রবণতা রোধ করতেই এ কড়াকড়ি আরোপ করা হয়েছে বলে জানা গেছে।