বর্জ্য সংগ্রহে ১০০ টাকার বেশি নিলে ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
বাসা-বাড়ি ও ফ্ল্যাট থেকে বর্জ্য সংগ্রহে ১০০ টাকার বেশি আদায় করলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর প্রশাসক আবদুস সালাম।
তিনি বলেন, বাড়িঘর ও দোকানের বর্জ্য নির্দিষ্ট স্থানে রাখতে হবে, সেখান থেকে সিটি করপোরেশনের কর্মীরা তা সংগ্রহ করবে। কোনো বাসা থেকে বর্জ্য নেওয়ার জন্য ১০০ টাকার বেশি নিলে সংশ্লিষ্ট ঠিকাদারের অনুমোদন বাতিল করা হবে।
আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, গভীর শোক প্রধানমন্ত্রীর তারিক রহমানের
রাজধানীর লালবাগে ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে আবদুস সালাম ঢাকাকে পরিচ্ছন্ন নগরীতে রূপান্তরে নগরবাসীর সহযোগিতা চান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় ঢাকা দক্ষিণ ও উত্তর—দুই সিটি করপোরেশনকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে কাজ শুরু হয়েছে।
আরও পড়ুন: বম্বে সুইটসের পাঁচ মসলাসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
পুরনো ঢাকার ঐতিহ্য সংরক্ষণের ওপর জোর দিয়ে তিনি বলেন, পুরান ঢাকার খাবার সংস্কৃতি ও ঐতিহাসিক স্থানসমূহ রক্ষা করতে হবে। দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হবে এবং দক্ষিণ সিটি করপোরেশন এ কাজে ভূমিকা রাখবে।
মহানগরে চাঁদাবাজি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না—সে যে দলেরই হোক বা যত ক্ষমতাবানই হোক।
ঢাকায় মশার উপদ্রপ বেড়েছে উল্লেখ করে তিনি জানান, মশা নিধনে সিটি করপোরেশনের কার্যক্রম আরও জোরদার করা হবে।
ইফতার অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের এমপি হামিদুর রহমান হামিদ এবং মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন বক্তব্য দেন। অনুষ্ঠানে দেলোয়ার হোসেন খেলার মাঠ পরিচালনা কমিটির সভাপতি রবিন হোসেন সভাপতিত্ব করেন। ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন রানা ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সঞ্চালনা করেন।





