প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পেলেন জাহিদুল ইসলাম রনি
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ডেপুটি প্রেস সেক্রেটারি পদে নিয়োগ পেয়েছেন জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।
সাংবাদিকতা পেশায় প্রায় দুই দশকের অভিজ্ঞতাসম্পন্ন জাহিদুল ইসলাম রনি কর্মজীবন শুরু করেন ‘লালগোলাপ’ খ্যাত বিশ্ববরেণ্য লেখক ও সাংবাদিক শফিক রেহমান সম্পাদিত যায়যায়দিন পত্রিকায়।
আরও পড়ুন: স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে যুগোপযোগী সাইবার আইন হচ্ছে
পরবর্তীতে তিনি ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ (ইউএনবি) বাংলা সার্ভিস, দৈনিক দিনকাল, দৈনিক ভোরের ডাক, রেডিও আমার (৮৮.৪ এফএম), দৈনিক সংবাদ প্রতিদিন, বাংলাদেশ ডিফেন্স জার্নাল এবং অনলাইন নিউজ পোর্টাল বিডিপ্রেস ডটনেটসহ বিভিন্ন গণমাধ্যমে বার্তা ও রিপোর্টিং বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি ভারতের কলকাতা থেকে প্রচারিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এস-নিউজ-এর বাংলাদেশ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া জাপান থেকে প্রকাশিত দৈনিক আসাহি শিম্বুন-এর ঢাকা ব্যুরোতে অতিথি প্রতিবেদক হিসেবেও কাজ করেছেন।
আরও পড়ুন: ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
সাংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয় জাহিদুল ইসলাম রনি বর্তমানে জাতীয় প্রেসক্লাব-এর ম্যানেজিং কমিটির সদস্য। পাশাপাশি তিনি পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম (পিআরএফ)-এর ভাইস প্রেসিডেন্ট এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর নির্বাহী কমিটির নির্বাচিত সদস্য হিসেবে দু’বার দায়িত্ব পালন করেছেন।





