ঈদের ছুটিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মন্ত্রীদের বিশেষ নির্দেশ প্রধানমন্ত্রীর

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ন, ১৭ মার্চ ২০২৬ | আপডেট: ৯:২৫ অপরাহ্ন, ১৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঈদুল ফিতরের ছুটির সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীদের বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানান, ঈদের সময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ঈদের সাত দিনের ছুটিতে বাজার ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জ্বালানি সরবরাহসহ বিভিন্ন বিষয়ে সমাজে কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে। এসব পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রীদের সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি জানান, বৈঠকে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলার বিষয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, এসব মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

আরও পড়ুন: এবারের ঈদযাত্রা ছিল স্বস্তিদায়ক, সড়কে বড় কোনো যানজট হয়নি: সেতুমন্ত্রী

তিনি আরও বলেন, বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার হলো নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত করা।

এছাড়া সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে ফ্ল্যাশ ফ্লাড, শিলাবৃষ্টি ও ঝড়ের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা দ্রুত খতিয়ে দেখার জন্য কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।