মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কর্মপরিকল্পনা সভা
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ২০২৬ বাস্তবায়নের অংশ হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন ও নির্দেশনা বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২৯ ফেব্রুয়ারি) সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ইয়াসমীন পারভীনসহ মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-সংস্থাসমূহের কর্মকর্তাবৃন্দ।
আরও পড়ুন: একনেকে অনুমোদনের অপেক্ষায় এমআরটি লাইন-৫ প্রকল্প
সভায় মন্ত্রী নবনিযুক্ত সচিব ইয়াসমীন পারভীনকে স্বাগত জানান এবং বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, নারী নির্যাতন এবং মাদক রোধ সরকারের অগ্রাধিকার। ধর্ষণসহ যেকোনো নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে এবং সারা দেশব্যাপী জনসচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে।
মন্ত্রী জোর দেন প্রশিক্ষণভিত্তিক কর্মসূচি ও পণ্য বিপণনের মাধ্যমে নারী উদ্যোক্তা তৈরিতে, কর্মজীবী মহিলা হোস্টেলের নিরাপত্তা ও পরিবেশ উন্নয়নে, প্রান্তিক গ্রামে নারীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে নজরদারি বাড়াতে এবং জাতীয় মহিলা সংস্থার কাঠামো আধুনিকীকরণের ওপর। এছাড়া শিশুর মানসিক বিকাশ, প্রতিবন্ধী শিশুদের উন্নয়ন এবং কর্মজীবী নারীদের সন্তানদের যত্ন নিশ্চিত করতে ডে-কেয়ার সেন্টার সম্প্রসারণ ও স্কিল ডেভেলপমেন্টে NSDA-র সাথে সমন্বয়সহ কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেন মন্ত্রী।
আরও পড়ুন: ‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে ১০ শতাংশ দিয়েন’
মন্ত্রী আরও বলেন, সকল প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, দুর্নীতি প্রতিরোধ করতে হবে এবং মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। সভায় যুগ্ম সচিব (প্রশাসন) মোঃ ফিরোজ উদ্দিন খলিফা বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মন্ত্রণালয়ের ভূমিকা বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন।
সভা শেষে সকল সংশ্লিষ্টকে কার্যকর, বাস্তবমুখী এবং দেশের কল্যাণমুখী কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য দায়িত্ব দেওয়া হয়।





