সোমবার শুরু হাম-রুবেলার জরুরি কর্মসূচি, টিকা পাবে ১ কোটি ৮০ লাখ শিশু
দেশে হামের প্রাদুর্ভাব ও মৃত্যুঝুঁকি আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার (২০ এপ্রিল) থেকে দেশব্যাপী জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সহকারী পরিচালক হাসানুল মাহমুদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সকাল সোয়া ৮টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে অবস্থিত ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’তে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ৫ এপ্রিল থেকে ১৮ জেলার উচ্চ-ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলায় জরুরি টিকাদান কার্যক্রম শুরু করে সরকার। পরবর্তীতে ১২ এপ্রিল থেকে এই কর্মসূচি ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় সম্প্রসারণ করা হয়।
আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
হাসানুল মাহমুদ জানান, ৩০ উপজেলা ও ৪ সিটি করপোরেশনসহ সারাদেশ মিলিয়ে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে এই কর্মসূচির আওতায় আনা হবে।
তিনি আরও জানান, ৫ এপ্রিল শুরু হওয়া কর্মসূচি ২৫ এপ্রিল পর্যন্ত এবং ১২ এপ্রিল শুরু হওয়া কর্মসূচি ১২ মে পর্যন্ত চলবে।
অন্যদিকে, সোমবার থেকে শুরু হওয়া দেশব্যাপী বিশেষ এই টিকাদান অভিযান সিটি করপোরেশন এলাকায় ২০ মে পর্যন্ত এবং দেশের অন্যান্য এলাকায় ১২ মে পর্যন্ত চলবে।
প্রতিদিন সকাল ৮টা থেকে স্থায়ী ও অস্থায়ী সব টিকাদান কেন্দ্রে এই টিকা প্রদান করা হবে।





