দেড়শ বছরের বগুড়ার পৌরসভা থেকে সিটি করপোরেশন নতুন যাত্রা শুরু
উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা বগুড়া অবশেষে সিটি করপোরেশনের মর্যাদা পেল। সোমবার (২০ এপ্রিল) বেলা ১২টার দিকে পৌর ভবনে আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর মাধ্যমে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করল বগুড়া। বর্তমানে দেশে বিদ্যমান অন্যান্য সিটি করপোরেশনগুলো হলো— ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ।
আরও পড়ুন: শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঐতিহাসিকভাবে বগুড়া পৌরসভার যাত্রা শুরু হয় ১৮৭৬ সালের ১ জুলাই ব্রিটিশ শাসনামলে। উত্তরাঞ্চলের অন্যতম প্রাচীন এই পৌরসভাটি বর্তমানে ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত এবং ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী এর জনসংখ্যা প্রায় ৪ লাখ।
২০০৬ সালে তৎকালীন সরকারের সময়ে আশপাশের ৪৮টি মৌজা যুক্ত করে পৌরসভার আয়তন বাড়িয়ে ৬৯.৫৬ বর্গকিলোমিটার করা হয় এবং ওয়ার্ড সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ২১ করা হয়। তখনই এটিকে সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হলেও দীর্ঘদিন তা বাস্তবায়ন হয়নি।
আরও পড়ুন: জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী
ফলক উন্মোচন অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মীর শাহে আলম, বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং জেলা প্রশাসক তৌফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





