আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিট থেকে ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত, গ্রিডে স্বস্তির আশা
আদানি পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিট থেকে ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে ইউনিটটি জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সিঙ্ক্রোনাইজ হয়।
বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম গণমাধ্যমকে জানান, ধাপে ধাপে এই ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ আরও বাড়ানো হবে। তিনি বলেন, নতুন এই বিদ্যুৎ সংযোজন দেশের সামগ্রিক বিদ্যুৎ ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং লোডশেডিং কমাতে সহায়ক ভূমিকা রাখবে।
আরও পড়ুন: ঢাকা ও খুলনা রেঞ্জে ডিআইজিসহ পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি
এদিকে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ২৮ এপ্রিল থেকে আরও দুটি বিদ্যুৎকেন্দ্র—এসএস পাওয়ার এবং আরএনপিএল—জাতীয় গ্রিডে অতিরিক্ত ৬০০ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে।
আরএনপিএল (রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড) চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নরিনকোর সঙ্গে যৌথ উদ্যোগে পরিচালিত একটি প্রকল্প। এই কেন্দ্রটি ২৮ এপ্রিল থেকেই ৬০০ মেগাওয়াট উৎপাদন শুরু করার কথা রয়েছে।
আরও পড়ুন: সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী
বিপিডিবির তথ্য অনুযায়ী, গত শনিবার সন্ধ্যায় দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১৬ হাজার ৯০০ মেগাওয়াট। বিপরীতে আদানি প্ল্যান্টের বিদ্যুৎ ছাড়া সর্বোচ্চ উৎপাদন ছিল ১৪ হাজার ৭১২ মেগাওয়াট, যা চাহিদার তুলনায় উল্লেখযোগ্য ঘাটতি নির্দেশ করে।
নতুন উৎপাদন যুক্ত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে এবং চাহিদা-জোগানের ব্যবধান কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।





