রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ন, ০৫ মে ২০২৬ | আপডেট: ১০:০৫ পূর্বাহ্ন, ০৬ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ সচিবালয়ে UNHCR-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইসেন-এর সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে আন্তর্জাতিক তহবিলের উল্লেখযোগ্য হ্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধানমণ্ডি ও গুলশান লেকের সংস্কার ও উন্নয়ন এবং এসটিপি-সংক্রান্ত বৈঠক

আলোচনায় বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর বর্তমান অবস্থা, আন্তর্জাতিক অর্থায়ন এবং প্রত্যাবাসনসহ বিভিন্ন বিষয় উঠে আসে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ মানবিক কারণে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। তবে সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতিতে এ সংকটে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় পরিস্থিতি আরও চ্যালেঞ্জিং হয়ে উঠছে।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে সহায়তা বৃদ্ধি এখন সময়ের দাবি। বাংলাদেশের আর্থ-সামাজিক ও ভৌগোলিক বাস্তবতায় ক্যাম্পের আয়তন বাড়ানো কঠিন হওয়ায় সমস্যার স্থায়ী সমাধান হিসেবে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের ওপর জোর দেন তিনি।

আরও পড়ুন: ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী বলেন, গাজা সংকট, ইউক্রেন যুদ্ধ এবং ইসরাইল-ইরান উত্তেজনার মতো বৈশ্বিক ইস্যুগুলোর কারণে রোহিঙ্গা সংকট যেন আন্তর্জাতিক অঙ্গনে উপেক্ষিত না হয়। এ বিষয়ে জাতিসংঘ ও ইউএনএইচসিআরকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বৈঠকে আগামী ২০ মে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা শরণার্থী বিষয়ক ‘জয়েন্ট রেসপন্স প্ল্যান’ উপস্থাপনা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য মন্ত্রীকে আমন্ত্রণ জানান ইউএনএইচসিআর প্রতিনিধিরা।

এ সময় নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান ইভো ফ্রেইসেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান এবং উপসচিব বেগম মিনারা নাজমীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।