শিশু অধিকার সুরক্ষা ও শিশুবান্ধব নীতি প্রণয়নের লক্ষ্যে কাজ করছে সরকার

Any Akter
শহীদুল হক
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ন, ০৭ মে ২০২৬ | আপডেট: ৬:০৯ অপরাহ্ন, ০৭ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে শিশু অধিকার সুরক্ষায়, শিশুদের স্বার্থ সংরক্ষণ ও শিশুবান্ধব নীতি প্রণয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সরকারি ও বিরোধীদলীয় সংসদ-সদস্যদের সমন্বয়ে একটি ককাস গঠন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। 

বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সঙ্গে তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে ইউনিসেফের সোশ্যাল পলিসি ম্যানেজার হাসিনা বেগমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে এসব কথা জানান ডেপুটি স্পিকার।

আরও পড়ুন: ৭ জুন শুরু হচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন

ডেপুটি স্পীকার আরো বলেন, বাংলাদেশে শিশু অধিকার সুরক্ষায় পার্লামেন্টারি ককাস অন চাইল্ড রাইটস এবং ইউনিসেফ যৌথভাবে কাজ করবে। শিশুদের স্বার্থ সংরক্ষণ ও শিশুবান্ধব নীতি প্রণয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সরকারি ও বিরোধীদলীয় সংসদ-সদস্যদের সমন্বয়ে একটি ককাস গঠন করা হবে। এ ককাস সংসদে শিশু অধিকার বিষয়ক আলোচনা ও বাজেট বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বর্তমান প্রধানমন্ত্রী শিশু অধিকার বিষয়ে অত্যন্ত সংবেদনশীল। শিশুদের সংসদ অধিবেশন গ্যালারিতে বসে উপভোগের সুযোগ সৃষ্টির জন্য তিনি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। এছাড়া বিভিন্ন সংগঠনের সহযোগিতায় কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শিশু অধিকার বিষয়ে বাংলাদেশ উপমহাদেশে একটি নেতৃস্থানীয় ভূমিকা পালন করতে সক্ষম হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করলো সংযুক্ত আরব আমিরাত

ইউনিসেফ প্রতিনিধিদল জানায়, শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও সুরক্ষাসহ ১০টি অগ্রাধিকারমূলক অধিকার বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করতে তারা সক্ষম হয়েছে। এসময় তারা চলমান হাম পরিস্থিতি মোকাবেলায় সরকারের সময়োপযোগী পদক্ষেপেরও প্রশংসা করেন।শিশু অধিকার, শিশুবান্ধব নীতি প্রণয়ন, বাজেট বৃদ্ধি, সামাজিক সুরক্ষা এবং বিভিন্ন দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়।

এসময় ইউনিসেফ প্রতিনিধিদলের সদস্যবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।