২৩ দিন পর আবার সচল ইস্টার্ন রিফাইনারি, শুরু জ্বালানি উৎপাদন
দীর্ঘ ২৩ দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। অপরিশোধিত তেলের সংকট কাটিয়ে শুক্রবার ভোর থেকে পূর্ণমাত্রায় কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সৌদি আরব থেকে আমদানি করা ক্রুড অয়েল দিয়ে উৎপাদন কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে।
আরও পড়ুন: ঈদুল আজহায় টানা ৭ দিনের সরকারি ছুটি অনুমোদন
শুক্রবার ভোর ৫টা থেকে শোধনাগারের ফায়ার্ড হিটারে তেল প্রক্রিয়াজাতকরণ শুরু হয়। পরে সকাল ৬টা থেকে পেট্রোল, অকটেন ও ডিজেল উৎপাদন করে নির্ধারিত সংরক্ষণাগারে পাঠানো শুরু হয়।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জাহাজ চলাচলে বিঘ্ন তৈরি হওয়ায় গত ১৪ এপ্রিল কাঁচামালের সংকটে উৎপাদন বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
হরমুজ প্রণালি এড়িয়ে সৌদির ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চীনা জাহাজ ‘এমটি নাইমনিয়া’ গত বুধবার চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।
এই চালান দিয়েই পুনরায় সচল হয়েছে শোধনাগারটি।
বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধনের মাধ্যমে পাওয়া যাবে—
* ২৬ হাজার মেট্রিক টন ডিজেল
* ২৪ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল
* ১৬ হাজার মেট্রিক টন পেট্রোল
* ২১ হাজার মেট্রিক টন কেরোসিন
* ৮ হাজার মেট্রিক টন অকটেন
বর্তমান মজুত দিয়ে প্রায় ২৫ দিন উৎপাদন চালানো সম্ভব হবে বলে জানা গেছে।
জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যে নতুন চালান আনার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
এ লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে আরও এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানির প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে।
বাংলাদেশ শিপিং করপোরেশন জানিয়েছে, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি মাসে অন্তত ৪ লাখ টন তেল সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বর্তমানে ইস্টার্ন রিফাইনারিতে মোট ২ লাখ ২৫ হাজার মেট্রিক টন অপরিশোধিত তেল সংরক্ষণের সক্ষমতা রয়েছে।





