দেশের কাঙ্ক্ষিত উন্নয়নে প্রশাসনের আন্তরিকতা প্রয়োজন: চীফ হুইপ
সরকার উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করে আর সরকারি কর্মকর্তারা সেই পরিকল্পনা বাস্তবায়ন করেন। সরকারের গৃহীত নীতি ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের কার্যকর ও জবাবদিহিমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রশাসন আন্তরিকভাবে দায়িত্ব পালন করলেই কেবল দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম ।
১৪ মে বৃহস্পতিবার বরগুনা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।সভায় উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মোঃ অলি উল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক মোঃ নজরুল ইসলাম মোল্লা।
আরও পড়ুন: ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী
চীফ হুইপ বলেন, সরকারের গৃহীত নীতি ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের কার্যকর ও জবাবদিহিমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উদাহরণ দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রে নতুন সরকার দায়িত্ব গ্রহণের সময় প্রায় চার হাজার নতুন কর্মকর্তা নিয়ে কার্যক্রম শুরু করে এবং সরকারের মেয়াদ শেষে তারা দায়িত্ব ছেড়ে দেন। এর মাধ্যমে সরকার ও প্রশাসনের সমন্বিত কার্যক্রম আরও কার্যকর হয়।কর্মকর্তাদের কর্মস্থলে নিয়মিত উপস্থিত থাকতে হবে এবং উন্নয়ন প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে হবে।
বিভাজনের রাজনীতি পরিহার করে সরকার অর্থনৈতিক উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।সিঙ্গাপুরের উদাহরণ টেনে চীফ হুইপ বলেন, সিঙ্গাপুর বিশ্বের অন্যতম উচ্চ মাথাপিছু আয়ের দেশ। সেখানে জাতীয় স্বার্থে রাজনৈতিক ঐকমত্য রয়েছে বলেই দেশটি দ্রুত উন্নয়ন করতে সক্ষম হয়েছে। জাতীয় বিষয়ে সবাই একমত হলে জ্বালানি সংকটসহ যে কোনো সমস্যার সমাধান সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।
আরও পড়ুন: কোরবানির চামড়া সংরক্ষণে সর্বাত্মক প্রস্তুতি সরকারের: বাণিজ্যমন্ত্রী
দেশের বহু উপকূলীয় জেলার উন্নয়নের জন্য পৃথক মন্ত্রণালয় অথবা বিশেষ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন প্রয়োজন। এ অঞ্চলে অর্থনৈতিক অঞ্চল নির্মাণ, বায়ুবিদ্যুৎ প্রকল্প, পর্যটন শিল্প, গভীর সমুদ্রবন্দর, মৎস্য আহরণ ও সংরক্ষণ, গ্যাস-তেল অনুসন্ধান এবং জাহাজ নির্মাণ শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকার উন্নয়নে যে কেউ কাজ করলে তিনি তার পাশে থাকবেন বলেও আশ্বাস দেন।
জেলা আইন-শৃঙ্খলা সভায় তিনি মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে বলেন, যে কোনো মূল্যে মাদক প্রতিরোধ করতে হবে। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে বরগুনায় এক শিশুর ওপর এসিড নিক্ষেপের ঘটনায় দ্রুত ও যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। পাশাপাশি চোরাচালান প্রতিরোধেও সংশ্লিষ্ট প্রশাসনকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
চীফ হুইপ আরও বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষিঋণ মওকুফ, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদান এবং এনজিও ঋণের কিস্তি এক বছর পর্যন্ত স্থগিতকরণসহ শতাধিক জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে।বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।





