পল্লবীতে রামিসার বাসায় প্রধানমন্ত্রী
রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার আট বছর বয়সী শিশু রামিসা আক্তারের বাসায় গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৯টার দিকে তিনি নিহত শিশুটির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী সরাসরি পল্লবীতে রামিসার বাসায় যান। সেখানে তিনি শোকসন্তপ্ত মা-বাবার সঙ্গে কিছু সময় কাটান এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন।
আরও পড়ুন: রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
এর আগে গত মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার একটি ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে একই বাসার একটি বালতির ভেতর থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
এ ঘটনায় নিহত শিশুর বাবা আবদুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন।
আরও পড়ুন: সিভিল এভিয়েশন একাডেমিতে ফান্ডামেন্টাল ট্রেনিং কোর্সের সনদ বিতরণ সম্পন্ন
হত্যাকাণ্ডের পর স্থানীয়রা ঘটনাস্থল থেকে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জিজ্ঞাসাবাদ ও আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল রানা স্বীকার করেছেন যে, শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। মরদেহ গুমের উদ্দেশ্যে মাথা বিচ্ছিন্ন করা হয়েছিল বলেও তদন্তে উঠে এসেছে।
বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সোহেল রানা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাকে এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় জড়িত আরও এক অজ্ঞাতনামা ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।





