ঈদযাত্রায় চলবে ১০টি বিশেষ ট্রেন: রেলমন্ত্রী
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে আগামীকাল থেকে পাঁচ জোড়া বিশেষ ট্রেন, অর্থাৎ অতিরিক্ত ১০টি ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
রোববার (২৪ মে) কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদযাত্রার সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন: হজ পালনে গিয়ে ২৭ বাংলাদেশির মৃত্যু, মক্কা ও মদিনায় বেশি
রেলমন্ত্রী বলেন, বর্তমানে আন্তঃনগর ট্রেনে প্রতিদিন প্রায় ৩২ হাজার যাত্রী পরিবহন করা সম্ভব হচ্ছে। ঈদ উপলক্ষে অতিরিক্ত ব্যবস্থার মাধ্যমে আরও প্রায় ৪ হাজার যাত্রীকে যাতায়াতের সুযোগ দেওয়া হবে।
তিনি বলেন, ট্রেন ভ্রমণের চাহিদা অনেক বেশি হলেও সেই তুলনায় ট্রেন, রেললাইন, লোকোমোটিভ ও কোচের সংখ্যা এখনও পর্যাপ্ত নয়। তবুও যাত্রীসেবা স্বাভাবিক রাখতে রেল কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস, কাল থেকে টানা ৭ দিনের ছুটি
শেখ রবিউল আলম জানান, ঈদযাত্রাকে নিরাপদ রাখতে দুর্ঘটনাপ্রবণ ও ঝুঁকিপূর্ণ রেলপথগুলো চিহ্নিত করে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। রেললাইন ও পরিচালনা ব্যবস্থায় সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।
তিনি বলেন, সকালে তিনটি ট্রেন কিছুটা বিলম্বে চলাচল করেছে। এর মধ্যে একটি ট্রেনের চাকা পিছলে যাওয়ার ঘটনা ঘটে। পরে রিলিফ টিম গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এতে কয়েকটি ট্রেন ২০ মিনিট থেকে দুই ঘণ্টা পর্যন্ত দেরিতে চলেছে।
মন্ত্রী আরও বলেন, দেশের অনেক রেলস্টেশন এখনও পুরোপুরি নিরাপত্তাবেষ্টিত নয়। সব স্টেশনে প্রবেশ নিয়ন্ত্রণ নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে বিদ্যমান সীমাবদ্ধতার মধ্যেও যাত্রীদের স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিতের চেষ্টা চলছে।
তিনি দাবি করেন, বর্তমানে রেলের পরিবেশ ও সেবার মান আগের তুলনায় উন্নত হয়েছে। টিকিট বিক্রিতে অনিয়ম বা সিন্ডিকেটের সুযোগ নেই বলেও জানান তিনি। অনলাইনভিত্তিক ব্যবস্থায় আগ্রহী যাত্রীরা টিকিট পাচ্ছেন বলে উল্লেখ করেন মন্ত্রী।
এসময় রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন উপস্থিত ছিলেন।





