আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: তদন্তে ‘অবহেলার’ প্রমাণ, আইনি ব্যবস্থার ঘোষণা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ন, ০৪ জুন ২০২৬ | আপডেট: ৬:০৮ অপরাহ্ন, ০৪ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের ‘দায়িত্বে অবহেলার’ প্রমাণ পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে হাসপাতালের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদনে স্পষ্টভাবে আদ্-দ্বীন হাসপাতালের দায়িত্বে অবহেলার বিষয়টি উঠে এসেছে। এ ঘটনায় পরবর্তী প্রক্রিয়া হিসেবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের তার চুরি: চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২

উল্লেখ্য, গত ২৭ মে ভোরে রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিলে মৃত এক নবজাতকের স্বজন রমনা থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালটি পরিদর্শন করেন।

ঘটনার পর স্বাস্থ্যমন্ত্রীও হাসপাতাল পরিদর্শন করে বিভিন্ন অসঙ্গতি দেখতে পান এবং এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

আরও পড়ুন: আগের দামেই বিদ্যুৎ পাচ্ছেন লাইফলাইন গ্রাহকরা

নবজাতকদের মৃত্যুর কারণ অনুসন্ধান এবং করণীয় নির্ধারণে স্বাস্থ্য মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও নির্ধারিত সময়ে তারা প্রতিবেদন দিতে পারেনি। পরে সময় বাড়িয়ে ৩ জুন পর্যন্ত নেওয়া হয়।

তদন্ত কমিটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল উইংয়ের উপপরিচালক পর্যায়ের একজন কর্মকর্তা এবং স্বাস্থ্য অধিদপ্তরের আরেকজন কর্মকর্তা অন্তর্ভুক্ত ছিলেন।

এদিকে, তদন্ত প্রতিবেদন প্রকাশের আগে হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরার উদ্যোগ নিলেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। এরই মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে অবহেলার প্রমাণ পাওয়ার পর হাসপাতালটির বিরুদ্ধে কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়, সে দিকে এখন সবার নজর।