হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৩২

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ন, ০৬ জুন ২০২৬ | আপডেট: ৭:৫৬ অপরাহ্ন, ০৬ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২ শিশু।

শনিবার (৬ জুন) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ঢাকায় দুই শিশু এবং সিলেটে এক শিশুর মৃত্যু হয়েছে। ফলে হামের উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৫২২ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হওয়ার পর আরও ৯১ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১৩ জনে।

আরও পড়ুন: অবর্ণনীয় দুর্ভোগে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ

এদিকে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৭৭ হাজার ৭৯১ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৬৩ হাজার ১৩৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

তবে চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৮ হাজার ৯৬৪ শিশু। বর্তমানে বিভিন্ন হাসপাতালে আক্রান্ত শিশুদের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত পরীক্ষার মাধ্যমে ৯ হাজার ৬২০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ প্রতিরোধে শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী টিকা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি জ্বর, শরীরে ফুসকুড়ি, কাশি বা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।