‘সন্তানদের জন্য একটি করে গাছ লাগান’—দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:২০ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬ | আপডেট: ৪:২০ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই।

শনিবার (১৩ জুন) কক্সবাজারের ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আরও পড়ুন: ৮১তম উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদান

প্রধানমন্ত্রী বলেন, “আমি দেশের সকল মানুষের কাছে আহ্বান জানাব, আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং তারা যেন একটি সুন্দর পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারে—সেই ভাবনা থেকে যার যেখানে সম্ভব, অন্তত একটি করে গাছের চারা রোপণ করুন।”

তিনি বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা গেলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল বাতাস ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে দেশকে আরও সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা যাবে।

আরও পড়ুন: সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করে তারেক রহমান বলেন, সরকার গঠনের সুযোগ পেলে দেশব্যাপী বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার করা হয়েছিল। সেই অঙ্গীকারের অংশ হিসেবে প্রতি বছর অন্তত পাঁচ কোটি গাছের চারা রোপণ এবং আগামী পাঁচ বছরে মোট ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, “আমরা যদি সম্মিলিতভাবে কাজ করি, তাহলে আগামী দিনে বাংলাদেশের পরিবেশ আরও পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য হয়ে উঠবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ রেখে যেতে পারব।”

প্রধানমন্ত্রী দেশের জেলা প্রশাসকদের নিজ নিজ এলাকায় ব্যাপক বৃক্ষরোপণ ও সবুজায়ন কার্যক্রম জোরদারের নির্দেশনা দেন। তিনি প্রত্যেক জেলাকে একটি ‘সবুজ অভয়ারণ্য’ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন এবং এর সফল বাস্তবায়নে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।