জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস
জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (১৬ জুন) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১-এর ধারা ৮(১) ও ৮(২) অনুযায়ী যোগদানের তারিখ থেকে তাকে এ পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: স্কুল পর্যায় থেকে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
প্রজ্ঞাপন অনুযায়ী, চেয়ারম্যান হিসেবে তার দায়িত্বের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর। তবে প্রয়োজনে মেয়াদ শেষ হওয়ার আগেই সরকার এ নিয়োগ বাতিল করতে পারবে।
এছাড়া চেয়ারম্যান নিজেও সরকারের কাছে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে যে কোনো সময় পদত্যাগ করতে পারবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: মোমেন কমিশনে দুদকের তিন মহাপরিচালক ঘিরে বিতর্ক
সরকারি আদেশে আরও বলা হয়েছে, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে আফরোজা আব্বাসের এ দায়িত্ব হবে অবৈতনিক।
আফরোজা আব্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয়। তিনি বর্তমানে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস-এর সহধর্মিণী।
নারী উন্নয়ন ও ক্ষমতায়নে কাজ করা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে তার এই নিয়োগকে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।





