আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কোনো উদ্বেগ নেই: ডিএমপি
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির কর্মকর্তারা।
শুক্রবার (১৯ জুন) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম এ কথা বলেন।
আরও পড়ুন: ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর
তিনি জানান, ২৩ জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরজুড়ে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা চেকপোস্ট পরিচালনাসহ অন্যান্য নজরদারি কার্যক্রম চলমান রয়েছে এবং তা অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া ‘কাইল্লা ফারুক’ নামে এক ব্যক্তির জামিনে মুক্তি পাওয়ার পর পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ সম্পর্কেও প্রশ্ন করা হয়।
আরও পড়ুন: ৫ হাজার চিকিৎসক নিয়োগ দিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
জবাবে এস এন নজরুল ইসলাম বলেন, জামিন দেওয়া বা না দেওয়ার বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ারভুক্ত। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হলো অপরাধীদের শনাক্ত, গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা।
তিনি আরও বলেন, সন্ত্রাস, মাদক ব্যবসা কিংবা চাঁদাবাজির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং তাদের বিরুদ্ধে সংগৃহীত তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হবে।





