মোহাম্মদপুরকে অপরাধমুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীর মোহাম্মদপুর এলাকা নিয়ন্ত্রণে এনে অপরাধীদের নির্মূল করা হবে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: বেনজীরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোহাম্মদপুর এলাকা দীর্ঘদিন ধরেই অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। সরকার এ এলাকাকে নিয়ন্ত্রণে এনে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে।
বর্তমান সরকার আগের যেকোনো সরকারের তুলনায় দ্রুতগতিতে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের কার্যক্রম ইতোমধ্যে জনগণের নজরে এসেছে।
আরও পড়ুন: মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্টারপোলের মাধ্যমে উদ্যোগ নেওয়ার ফলেই তাকে আটক করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাসহ প্রয়োজনীয় সব নথিপত্র সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে। প্রক্রিয়া সম্পন্ন হলে তাকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, একসময় মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছিল যে পুলিশ বাহিনী নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তবে বর্তমানে পুলিশ তাদের কার্যক্ষমতা পুনরুদ্ধার করেছে।
নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন উল্লেখ করে তাদের কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগকে তিনি রাজনৈতিক দল হিসেবে মনে করেন না, বরং একটি মাফিয়া সংগঠন হিসেবে বিবেচনা করেন। দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী ২৩ জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে যেকোনো ধরনের কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।





