মামুনুল হক প্রসঙ্গে এমপির বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ, নিজের মন্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ন, ২১ জুন ২০২৬ | আপডেট: ৯:৩১ অপরাহ্ন, ২৩ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় সংসদে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে নিয়ে বিএনপির সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের দেওয়া বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) দেওয়ার ঘোষণা দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে এ বিষয়ে নিজের করা মন্তব্যও কার্যবিবরণী থেকে অপসারণের সিদ্ধান্ত জানান তিনি।

রোববার জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার এ ঘোষণা দেন।

আরও পড়ুন: সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

গত বৃহস্পতিবার বাজেট আলোচনায় অংশ নিয়ে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক মাওলানা মামুনুল হককে নিয়ে কিছু মন্তব্য করেন। সে সময় স্পিকার বিষয়টি সংসদের কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত না করার পক্ষে মত দেন এবং মন্তব্য করেন যে, কোনো রাজনৈতিক নেতার ব্যক্তিগত জীবনের বিতর্কিত বিষয় সংসদে আলোচনার প্রয়োজন নেই।

রোববারের অধিবেশনে স্পিকার বলেন, গত বৃহস্পতিবার মামুনুল হক সম্পর্কে সংসদ সদস্যের করা মন্তব্য ‘অনভিপ্রেত’ ছিল। তিনি বলেন, “যার পক্ষে সংসদে এসে আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই, তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা সমীচীন নয়। তাই সংশ্লিষ্ট বক্তব্য কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হয়েছে।”

আরও পড়ুন: তিন জেলার এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তা নিয়োগ

নিজের পূর্ববর্তী মন্তব্য প্রসঙ্গে স্পিকার বলেন, তিনি একজন ব্যক্তির জীবনের ‘অন্ধকার অধ্যায়’ নিয়ে যে মন্তব্য করেছিলেন, সেটিও কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে।

এ সময় সংসদ সদস্যদের উদ্দেশে তিনি ভবিষ্যতে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, সংসদে উপস্থিত না থাকা বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই—এমন ব্যক্তিদের সম্পর্কে বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত।

অধিবেশনে আরও একটি বিষয়ে পয়েন্ট অব অর্ডারে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীন অভিযোগ করেন, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আবদুল মুনতাকিম বাজেট আলোচনায় নিজেকে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে উল্লেখ করেছেন, যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

জবাবে স্পিকার জানান, সংশ্লিষ্ট সংসদ সদস্য ইতোমধ্যে বিষয়টি অনিচ্ছাকৃত ভুল হিসেবে স্বীকার করেছেন এবং জানিয়েছেন যে তার পিতা জীবিত আছেন। তিনি বলেন, এটি ‘স্লিপ অব টাং’ বা অনিচ্ছাকৃত ভুল হওয়ায় ওই বক্তব্যও কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হবে।

অন্যদিকে, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের একটি বক্তব্য নিয়ে পয়েন্ট অব অর্ডারে কথা বলতে চাইলে স্পিকার বলেন, সংসদের বাইরের বক্তব্যের জবাব সংসদের বাইরেই দেওয়া সমীচীন। তিনি আরও বলেন, “বর্তমান বাংলাদেশে বাকস্বাধীনতা রয়েছে, রাজনীতিবিদরা বিভিন্ন বিষয়ে মতামত দিয়ে থাকেন।”