মির্জা ফখরুল: ‘শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না’
বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র বাংলাদেশের মানুষের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার ভাষায়, দেশের মানুষ উদারপন্থি ও অংশগ্রহণমূলক রাজনীতিতে বিশ্বাসী।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান: মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়
মির্জা ফখরুল বলেন, “জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল নয়, তারা একটি লক্ষ্যভিত্তিক রাজনৈতিক দল। তাদের লক্ষ্য শরিয়াহভিত্তিক একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যা বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না। বাংলাদেশের মানুষ একটি উদারপন্থি রাজনীতি করতে চায়।”
তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। তবে এখন নতুন করে ধর্মভিত্তিক রাজনীতির একটি শক্তি সামনে এসেছে, যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি বলে অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি, ওয়াকআউট বিরোধী দলের
বিএনপি মহাসচিব বলেন, “আজ মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে ধর্মপ্রাণ মানুষকে ভুল বোঝানোর মাধ্যমে ভোটব্যাংক তৈরির চেষ্টা চলছে। মাঠপর্যায়ের নেতাকর্মীদের এসব বিভ্রান্তি মোকাবিলা করতে হবে।”
ধর্মীয় সম্প্রীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাংলাদেশের মানুষ ধর্মভীরু, ধর্মান্ধ নয়। এ দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করতে চায়।
জুলাই সনদ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি জুলাই সনদ মানেনি—এ ধরনের অভিযোগ সঠিক নয়। তার দাবি, সনদে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে।
তিনি বলেন, “আমরা জনগণের ম্যান্ডেট পেয়েছি। নির্বাচনী ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো বাস্তবায়নের পাশাপাশি জুলাই সনদের প্রতিটি বিষয়ও গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করব।”
সংবিধান সংস্কারের বিষয়ে তিনি বলেন, সংসদে গঠিত সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিয়ে আলোচনার মাধ্যমে মতামত দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু সংশ্লিষ্টরা সে পথে না গিয়ে রাজপথে কর্মসূচি বেছে নিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “কোনো হতাশার সুযোগ নেই। আমরা অতীতেও পরাজিত হইনি, ভবিষ্যতেও হব না। জনগণকে সঙ্গে নিয়েই বিএনপি এগিয়ে যাবে।”





