শিক্ষাখাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ন, ০৮ জুলাই ২০২৬ | আপডেট: ৯:১৫ অপরাহ্ন, ০৮ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষা খাতের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষা খাতে বরাদ্দ দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলুর এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: হায়ারের ২ টনের এসিতে অনিয়ম, ৫০ হাজার টাকা জরিমানা

তিনি বলেন, শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে শিক্ষার্থী ঝরে পড়ার হার শূন্যের কোঠায় নামিয়ে আনতে সরকার কাজ করছে।

প্রধানমন্ত্রী জানান, নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে প্রথমবারের মতো জিডিপির ২ শতাংশে উন্নীত করা হয়েছে।

আরও পড়ুন: সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

তিনি জানান, সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতায় শিক্ষা মন্ত্রণালয়ের জন্য মোট ৪ হাজার ১৯৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য ৩ হাজার ৫৯৯ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য ৬০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এসইডিপির অধীনে চলমান ১০টি স্কিমের মধ্যে একটি স্কিম জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়ন ও শিক্ষকদের প্রশিক্ষণের জন্য নির্ধারিত।

প্রধানমন্ত্রী বলেন, লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পের আওতায় শিক্ষক প্রশিক্ষণের জন্য ৮১০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে ৩ লাখ ৪৭ হাজার ২১ জন শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্ট জনবলকে প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণের আওতায় থাকবে বেসিক ট্রেনিং, বিষয়ভিত্তিক পেশাগত উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানদের নেতৃত্ব বিকাশ, কারিগরি শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, ব্লেন্ডেড লার্নিং, তথ্যপ্রযুক্তি, লাইব্রেরি ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, বুলিং প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে প্রশিক্ষণ।

মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের পরিচালন বাজেটে ৩ হাজার ৪০ দশমিক ৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য ২ হাজার ১৯৬ দশমিক ৪ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য ৮৪৪ দশমিক ৫ কোটি টাকা বরাদ্দ রয়েছে।

এছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম-৫ (পিইডিপি-৫)-সহ মোট পাঁচটি প্রকল্প বাস্তবায়ন করা হবে।

শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে চলতি অর্থবছর থেকে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, উপবৃত্তি প্রদান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি, স্কুল ড্রেস বিতরণ এবং আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ক্রীড়া উপকরণ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

প্রধানমন্ত্রী আরও জানান, ২০২৬-২৭ অর্থবছরে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের জন্য এক হাজার ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এছাড়া মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি ও মেধাবৃত্তির জন্য চলতি অর্থবছরের বাজেটে ৫ হাজার ৫৩৪ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।