প্রতি শিক্ষার্থীকে বছরে অন্তত একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০৬ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬ | আপডেট: ২:০৬ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বুধবার (১৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ অনুষ্ঠানে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: একনেকে অনুমোদনের অপেক্ষায় এমআরটি লাইন-৫ প্রকল্প

অনুষ্ঠানে তিনি বলেন, পরিবেশ সংরক্ষণে নতুন প্রজন্মের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিটি শিক্ষার্থীর বছরে অন্তত একটি করে গাছ লাগানো উচিত। এতে একদিকে যেমন সবুজায়ন বাড়বে, অন্যদিকে শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে উঠবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকারের নির্বাচনি ইশতেহারের ১৭ ও ১৮ নম্বর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত আয়োজিত এসব প্রতিযোগিতায় দেশের ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

আরও পড়ুন: কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে সিঁড়ি দিয়ে ছয় তলায় উঠলেন প্রধানমন্ত্রী

বিভিন্ন ধাপ পেরিয়ে নির্বাচিত সেরা শিক্ষার্থীদের হাতে অনুষ্ঠানে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়েও সম্মাননা প্রদান করা হয়।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ব্যক্তি পর্যায়ে ১৫টি ক্যাটাগরিতে ১২ হাজার ৩৮৪ জন এবং প্রতিষ্ঠান পর্যায়ে দুটি ক্যাটাগরিতে ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিত শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ সম্মাননা দেওয়া হয়েছে।