যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন তারেক রহমান
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ জুলাই) পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বার্নহ্যামকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশ-যুক্তরাজ্যের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে লেবার পার্টির নেতা হিসেবে নির্বাচিত হওয়া এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অ্যান্ডি বার্নহ্যামকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন।
আরও পড়ুন: জ্বালানি নিরাপত্তায় সৌরবিদ্যুতের ওপর জোর, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান
তিনি বলেন, এই বিজয় যুক্তরাজ্যের জনগণ এবং লেবার পার্টির পক্ষ থেকে বার্নহ্যামের নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন। তাঁর নেতৃত্বে যুক্তরাজ্য শান্তি, সমৃদ্ধি, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও টেকসই উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে এবং বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বার্তায় উল্লেখ করেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক ও বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা, কমনওয়েলথের আদর্শ এবং দুই দেশের জনগণের নিবিড় যোগাযোগের ভিত্তিতে এ সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে।
আরও পড়ুন: শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান
তিনি বলেন, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শিক্ষা, নিরাপত্তা, অভিবাসন এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা ধারাবাহিকভাবে সম্প্রসারিত হচ্ছে।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা দুই দেশের মধ্যে বন্ধুত্বের সেতুবন্ধ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। একই সঙ্গে তারা উভয় দেশের অর্থনীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য সমৃদ্ধ করতেও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন।
তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন এবং পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য অ্যান্ডি বার্নহ্যামকে আমন্ত্রণ জানান।
শুভেচ্ছা বার্তার শেষে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের সুস্বাস্থ্য, দায়িত্ব পালনে সাফল্য এবং যুক্তরাজ্যের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
উল্লেখ্য, সোমবার (২০ জুলাই) অ্যান্ডি বার্নহ্যাম আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।





