চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা দিলেন পররাষ্ট্রমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ন, ২২ জুলাই ২০২৬ | আপডেট: ৯:৩২ অপরাহ্ন, ২২ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকগুলোতে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘সবার আগে বাংলাদেশ’ নীতিই দেশের বৈদেশিক সম্পর্ক পরিচালনার মূল দিকনির্দেশনা হিসেবে অনুসরণ করা হবে।

বুধবার (২২ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সাইডলাইনে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধিদলের বৈঠক, পরিকল্পিত নগরায়ণ ও আবাসন খাতের উন্নয়নে বিভিন্ন প্রস্তাব

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকগুলোতে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগসহ বিভিন্ন দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হয়। বাংলাদেশের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিই ভবিষ্যতে দেশের পররাষ্ট্রনীতির প্রধান ভিত্তি হিসেবে কাজ করবে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠকে দুই দেশ অভিন্ন ভবিষ্যৎ গড়ে তুলতে বাংলাদেশ-চীন ব্যাপক সহযোগিতামূলক অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। বৈঠকে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের প্রত্যাবাসন, মাল্টি-মোডাল ট্রান্সপোর্ট করিডোর, বাণিজ্য, বিনিয়োগ এবং জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন: ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প একনেক সভায় অনুমোদন

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে তিনি ড. খলিলুর রহমানকে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। একই সঙ্গে উভয় পক্ষ জ্বালানি খাতে সহযোগিতা আরও জোরদারে সম্মত হয়।

এদিকে, বিকেলে মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় ড. খলিলুর রহমান মার্কো রুবিওকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, ড. খলিলুর রহমান বর্তমানে ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার অ্যামিটি অ্যান্ড কো-অপারেশন চুক্তির ৫০তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।