ভূমিকম্প মোকাবিলায় ভারী সরঞ্জাম মালিকদের সঙ্গে ফায়ার সার্ভিসের প্রস্তুতিমূলক সভা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৬ | আপডেট: ১০:০৬ পূর্বাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভূমিকম্প পরবর্তী অগ্নিনির্বাপণ ও সমন্বিত উদ্ধার কার্যক্রম আরও কার্যকর করতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অংশীজনদের নিয়ে প্রস্তুতিমূলক সভা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা বিভাগ।

সোমবার (১০ আগস্ট) রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিসের ইওসি সেন্টারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলার ক্রেন, এক্সকাভেটরসহ বিভিন্ন ভারী উদ্ধারকারী সরঞ্জামের মালিক ও প্রতিনিধিরা এতে অংশ নেন।

আরও পড়ুন: সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে যেতে নিষেধাজ্ঞা

ভূমিকম্পের ঝুঁকির দিক থেকে ঢাকা দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা হওয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসির নির্দেশনায় এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান, পিএসসি।

সকাল ১১টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও আমন্ত্রিত প্রতিনিধিরা নিজেদের পরিচয় দেন। পরিচয় পর্ব শেষে স্বাগত বক্তব্য দেন ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মো. মামুনুর রশিদ।

আরও পড়ুন: ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান বড় ধরনের ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলার জোন কমান্ডার ও জেলা কর্মকর্তাদের স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় ও যোগাযোগ আরও জোরদারের নির্দেশনা দেন।

তিনি অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনায় আগাম পরিকল্পনা প্রণয়ন এবং সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করার ওপর গুরুত্বারোপ করেন।

পরে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিরা অংশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগ এমন উদ্যোগ নেওয়ায় তারা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। পাশাপাশি জাতীয় দুর্যোগের সময় নিজ নিজ অবস্থান থেকে উদ্ধার কার্যক্রমে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

হেভি ইকুইপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি মো. আফজাল হোসেন ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রমে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি ভারী উদ্ধার সরঞ্জামের মালিকদের সমন্বয়ে ‘ইমার্জেন্সি ইকুইপমেন্ট সাপোর্ট টিম’ গঠনের প্রস্তাব দেন।

সভায় গণপূর্ত অধিদপ্তর, ঢাকা উত্তর সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন, সড়ক ও জনপথ অধিদপ্তর, এনডিই, আবুল মোমেন গ্রুপ, ম্যাক্স গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, আকিজ ইস্পাত, ম্যাক্সিম গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিরা বক্তব্য দেন।

অনুষ্ঠানে প্রায় ৭০ জন মালিক ও প্রতিনিধি অংশ নেন।

সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন দুর্যোগ মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে রানা প্লাজা ভবনধস এবং সাম্প্রতিক সময়ে তুরস্ক ও মিয়ানমারে সংঘটিত ভূমিকম্পের বিভিন্ন ছবি তুলে ধরেন।

তিনি ভারী সরঞ্জামের মালিক ও ব্যবসায়ীদের নিয়ে ‘ইমার্জেন্সি ইকুইপমেন্ট সাপোর্ট টিম’ গঠন করে পারস্পরিক সমন্বয় ও যোগাযোগ বাড়ানোর পাশাপাশি প্রশিক্ষণ ও মহড়ার আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান, পিএফএম; সহকারী পরিচালক (অপারেশন) এ কে এম শামসুজ্জোহা এবং ফায়ার সার্ভিসের ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলার জোন প্রধান ও জেলা কর্মকর্তারা।