এনবিআর সংস্কার আন্দোলনে ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার আন্দোলনে সরাসরি অংশ নেওয়া ২০ কর্মকর্তার বিরুদ্ধে দেওয়া দণ্ড মওকুফ করা হয়েছে। রাষ্ট্রপতির কাছে করা আবেদনের পরিপ্রেক্ষিতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) রোববার (৬ সেপ্টেম্বর) পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়।
দণ্ড মওকুফ পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—উপকর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিল, অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা, যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন সুমিতা, মো. মামুন মিয়া, অতিরিক্ত কর কমিশনার চাঁদ সুলতানা চৌধুরানী, সুলতানা হাবীব, মুরাদ আহমেদ, যুগ্ম কর কমিশনার মামুনা খাতুন এবং মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান।
আরও পড়ুন: লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী
এ ছাড়া তালিকায় রয়েছেন মো. জিল্লুর রহমান, মো. শাহাদাত জামিল, রাজস্ব কর্মকর্তা শফিউল বশর, সবুজ মিয়া, উপ-কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম, কমিশনার (চলতি দায়িত্ব) মো. জাকির হোসেন, যুগ্ম কমিশনার মো. সানোয়ারুল কবির, অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু, আ.আ.ম. আমীমুল ইহসান খান, সিফাত-ই-মরিয়ম এবং হাছান মুহম্মদ তারেক রিকাবদান।
আইআরডির প্রজ্ঞাপন অনুযায়ী, এসব কর্মকর্তার মধ্যে কেউ কর অঞ্চল, কেউ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, আবার কেউ নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বিভিন্ন দায়িত্বে কর্মরত রয়েছেন।
আরও পড়ুন: ঢাকার চারপাশে বৃত্তাকার নৌ পথ দ্রুত উন্নয়নের নির্দেশনা প্রধানমন্ত্রীর
২০২৫ সালে এনবিআর সংস্কারের দাবিতে কর্মকর্তাদের ওই আন্দোলন ঘিরে দেশের রাজস্ব কার্যক্রমের পাশাপাশি আমদানি-রপ্তানিতেও বড় ধরনের অচলাবস্থার পরিস্থিতি তৈরি হয়েছিল। পরবর্তী সময়ে ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় আন্দোলন থেকে সরে আসেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আন্দোলনের পর সরাসরি সম্পৃক্ত ৩৯ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে আইআরডি। তাদের মধ্যে এনবিআরের তিন সদস্য ও একজন কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। এবার রাষ্ট্রপতির কাছে করা আবেদনের পর ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ করা হলো।





