অতিরিক্ত ৬ লাখ ৯৫ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:০২ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের শিল্পকারখানা, পরিবহন ও বিমান চলাচল খাতে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে অতিরিক্ত ৬ লাখ ৯৫ হাজার টন জ্বালানি তেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)। ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত বাড়তি চাহিদা পূরণ এবং পর্যাপ্ত মজুত বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সিসিইএর ২৯তম সভায় এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আরও পড়ুন: আনিসুল হকের ১৭২ কোটি টাকার সম্পদ, দুদকের চার্জশিট

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, সরকার-টু-সরকার (জি-টু-জি) প্রক্রিয়ায় অতিরিক্ত এই জ্বালানি তেল আমদানি করা হবে। এর মধ্যে গ্যাস অয়েল বা ডিজেল এবং জেট ফুয়েল রয়েছে। অতিরিক্ত আমদানির পরিমাণ ২০২৬ সালের আগে অনুমোদিত মূল বরাদ্দের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, বছরের শেষ চার মাসে পরিবহন, শিল্প ও বিমান চলাচল খাতে জ্বালানির চাহিদা বাড়ে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে পর্যাপ্ত মজুত নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

আরও পড়ুন: একনেকে অনুমোদন পেল ১২ প্রকল্প

সরকারের এ উদ্যোগের মাধ্যমে বছরের শেষ সময়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং শিল্প ও পরিবহন খাতের কার্যক্রমে সম্ভাব্য সরবরাহ ঘাটতির ঝুঁকি কমানোর লক্ষ্য রয়েছে।