দেড় মাস পর জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহ, শিল্পাঞ্চলে স্বস্তি
দেড় মাসেরও বেশি সময় পর দেশে গ্যাসের সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় জাতীয় গ্রিডে বর্তমানে ২৬২ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। এতে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে গ্যাসের চাপ বাড়তে শুরু করেছে।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, জাতীয় গ্রিডে সরবরাহ করা মোট গ্যাসের মধ্যে ১৬২ কোটি ঘনফুট আসছে দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে। বাকি ১০০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) থেকে।
আরও পড়ুন: স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে
সংশ্লিষ্টরা জানান, সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত থেকে এলএনজি সরবরাহ বাড়ানোর পর জাতীয় গ্রিডে গ্যাস পরিস্থিতির উন্নতি দৃশ্যমান হয়। এর প্রভাব পড়তে শুরু করেছে শিল্প-কারখানাগুলোতেও। গ্যাসের চাপ কিছুটা বাড়ায় সাভার, আশুলিয়া, চট্টগ্রাম ও নরসিংদীর শিল্পাঞ্চলে কারখানা পরিচালনায় আগের তুলনায় স্বস্তি ফিরছে।
তবে গাজীপুরের পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। সেখানে শিল্প-কারখানাগুলোতে গ্যাসের চাপ নিয়ে সংকট রয়ে গেছে বলে জানা গেছে।
আরও পড়ুন: আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
মাত্র দুই দিনের ব্যবধানে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। শিল্প-কারখানার পাশাপাশি সিএনজি ফিলিং স্টেশন এবং দেশের কিছু কিছু আবাসিক এলাকাতেও গ্যাসের চাপ তুলনামূলকভাবে বাড়তে শুরু করেছে।
তবে সরবরাহ বাড়লেও দেশের সব এলাকায় গ্যাস পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহের এই ধারা অব্যাহত থাকলে শিল্প ও আবাসিক খাতে গ্যাস সংকট আরও কিছুটা কমতে পারে।





