জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, এবারের প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর আগের পরিকল্পনার তুলনায় সংক্ষিপ্ত করা হয়েছে। জাতিসংঘে ভাষণ দেওয়ার পরদিন ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।
আরও পড়ুন: শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
সফরের সময় জাতিসংঘের উচ্চপর্যায়ের বিভিন্ন বৈঠক ও অধিবেশনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করারও প্রস্তুতি রয়েছে।
রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনায় অংশ নেবেন
আরও পড়ুন: ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় চতুর্থ
জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশ আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চপর্যায়ের আলোচনাও রয়েছে। ওই আয়োজনে প্রধানমন্ত্রী মূল বক্তা হিসেবে অংশ নিতে পারেন বলে আগেই জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
এ ছাড়া জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের প্রস্তুতি চলছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে।
সফরের বিভিন্ন পর্যায়ে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের এবারের জাতিসংঘ সফরটি সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর আন্তর্জাতিক এই ফোরামে তার প্রথম অংশগ্রহণ ও ভাষণ হতে যাচ্ছে। একই সময়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজেও প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।





